দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুদি দোকানের কর্মচারী নিহত

আপডেট : ১৯ জুন ২০১৯, ২২:০৫

ইত্তেফাক রিপোর্ট

যাত্রাবাড়ী থানার মীর হাজিরবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইউনুস (৩৫) নামে এক মুদি দোকানের কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে মীর হাজিরবাগ এলাকার বায়তুল আমান জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ইউনুস বায়তুল আমান জামে মসজিদ এলাকায় একটি মুদি দোকানের কর্মচারী। মঙ্গলবার রাতে তিনি দোকানের কাজ শেষ করে বাসায় যাওয়ার জন্য রওনা দেন। দোকান থেকে ১০০ গজ সামনে এগিয়ে গেলে তিন-চার জন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। কথা কাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। তার চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিত্সাধীন অবস্থায় গতকাল ভোরে ইউনুস মারা যান। যাত্রাবাড়ী থানার ওসি আরো বলেন, ঘটনাটি ছিনতাই কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তার মানিব্যাগ ও মোবাইল ফোন পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে পূর্বশত্রুতার সম্পর্ক আছে কি না তাও তদন্ত করা হচ্ছে।