ইত্তেফাক রিপোর্ট
দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে হামদর্দ ল্যাবরেটরিজের (ওয়াকফ) ব্যবস্থাপনা পরিচালক হাকিম মো. ইউছুফ হারুন ভুইয়াকে জিজ্ঞাসাবাদ করেছে ধর্ম মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। গতকাল বুধবার বেলা পৌনে ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত টানা দুই ঘন্টা তদন্ত কমিটি তাকে জিজ্ঞাসাবাদ করে। এদিকে দুর্নীতি দমন কমিশনও (দুদক) হাকিম মো. ইউছুফ হারুন ভুইয়া ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে। এর ধারাবাহিকতায় গত ১১ জুন জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুদকে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু সেদিন তিনি অসুস্থতার কথা জানিয়ে দুদকের কাছে সময় আবেদন করেন।
ধর্ম মন্ত্রণালয় সূত্র আরো জানায়, হামদর্দ ল্যাবরেটরিজের (ওয়াকফ) ব্যবস্থাপনা পরিচালক হাকিম ইউছুফ ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে গত ২৩ এপ্রিল ধর্ম মন্ত্রণালয় তিন সদস্যের কমিটি গঠন করে। এ তদন্ত কমিটির আহ্বায়ক যুগ্ম সচিব (সংস্থা) মু. আ. হামিদ জমাদ্দার এবং দুই সদস্য হলেন উপসচিব (সংস্থা) মোহাম্মদ মাহবুব আলম ও সহকারী ওয়াকফ প্রশাসক (উপসচিব) রায়হান কাওছার। ঐ তদন্ত কমিটি গত ১১ জুন জিজ্ঞাসাবাদের জন্য হাকিম মো. ইউসুছ হারুন ভুইয়াকে তলবি নোটিশ পাঠায়। ঐ নোটিশে তাকে গতকাল বুধবার সকাল ১০টায় ধর্ম মন্ত্রণালয়ে উপস্থিত থাকতে বলা হয়। নোটিশে আরো বলা হয়, যথাসময়ে তিনি জিজ্ঞাসাবাদের শুনানিতে উপস্থিত হতে ব্যর্থ হলে ধর্ম মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ধরে নেবে যে, সংশ্লিষ্ট অভিযোগকারীর আনা অভিযোগের বিষয়ে হাকিম ইউছুফ কোনো বক্তব্য দিতে ইচ্ছুক নন।
দুদক সূত্র জানায়, ১৯৭২ সালে হামদর্দের গুলিস্তান শাখায় বিক্রয় কর্মী হিসেবে যোগ দেওয়া ইউছুফ হারুন বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক। তার তিন সন্তানের একজন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও অপর দুজন পরিচালক। এদের নিয়েই গঠন করা হয়েছে হামদর্দ ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লি কমিটি। ইউছুফ হারুন ও তার তিন সন্তানের বিরুদ্ধে হামদর্দকে কৌশলে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান করার ও শত শত কোটি টাকা লুটপাটের অভিযোগ ওঠে।
