দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শুরু করছে শ্রীলঙ্কা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে জিততেই হবে লঙ্কানদের। সেইসঙ্গে অস্ট্রেলিয়ার কাছে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে ভারতের হার বা ড্রর আশা করতে হবে শ্রীলঙ্কাকে।
আগামী ৯ মার্চ ক্রাইস্টাচার্চে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ শুরু করবে শ্রীলঙ্কা। ৬৮ শতাংশ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হওয়ার দৌঁড়ে আছে ভারত ও শ্রীলঙ্কা। ভারতের আছে ৬০ শতাংশ পয়েন্ট ও শ্রীলঙ্কার আছে ৫৩ শতাংশ পয়েন্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম তিন টেস্ট শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে জিতলেই ফাইনালে উঠবে ভারত। অজিদের বিপক্ষে হার ও ড্রর স্বাদ নিলেও ফাইনালে খেলার আশা থাকবে টিম ইন্ডিয়ার। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের কাছে যেকোন ১টি টেস্টে লঙ্কানরা ড্র বা হারলেই ফাইনালে উঠবে ভারত।
অস্ট্রেলিয়ার কাছে শেষ টেস্টে ভারত হারলে বা ড্র করলে এবং নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে হারালেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পাবে শ্রীলঙ্কা। এজন্য নিউজিল্যান্ডে দুই টেস্টেই জয় ছাড়া বিকল্প পথ নেই লঙ্কানদের। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট রেকর্ড মোটেও ভালো নয় শ্রীলঙ্কার। ১৯ টেস্ট খেলে মাত্র ২টিতে জিতেছে তারা। হার ১১টি ও ড্র ৬টি। পাশাপাশি ১৯৯৫ সালে সর্বপ্রথম ও সর্বশেষ নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিলো শ্রীলঙ্কা। টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করতে বদ্ধপরিকর শ্রীলঙ্কা দল।
গেল বছরের এপ্রিলে প্রধান কোচের দায়িত্ব নেয়া ক্রিস সিলভারউডের অধীনে উন্নতির পাশাপাশি ধারাবাহিক দলে পরিণত হয়েছে শ্রীলঙ্কা। দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ সফরে ১-০ ব্যবধানে জয়, ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের সঙ্গে ১-১ ড্র করে লঙ্কানরা। শ্রীলঙ্কার কোচ সিলভারউড বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পাওয়াটা অবিশ্বাস্য হবে। একই সঙ্গে আমরা জানি, আমাদের সামনে শক্তিশালী নিউজিল্যান্ড দল। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং যোগ্যতা অর্জনের জন্য চেষ্টা করতে হবে।’
