মাঝ আকাশে বিমানে কেবিন ক্রুর ওপর হামলা

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ২১:৩৮

মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খোলার চেষ্টার পর এক কেবিন ক্রুকে ভাঙা চামচ নিয়ে আক্রমণ করেন একজন যাত্রী। তবে অন্য যাত্রীরা তাকে ধরে ফেলে।

যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইনসের একটি বিমানে এমন ঘটনা ঘটেছে গত রোববার। বিমানটি লস অ্যাঞ্জেলেস থেকে বোস্টনের দিকে যাচ্ছিল। অবতরণে বাকি ছিলো ৪৫ মিনিট। এমন সময় ৩৩ বছর বয়সী ফ্রান্সিসকো সেভেরো টরেস নামের এক যাত্রী জরুরি দরজা খোলার চেষ্টা করেন।

কথা বলার এক পর্যায়ে টরেস ভাঙা চামচ নিয়ে একজন ক্রুকে তার গলায় আঘাত করে। এসময় বিমানের কয়েকজন যাত্রী দ্রুত তাকে নিবৃত্ত করতে সমর্থ হয়। বিমানটি নিরাপদে অবতরণের পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটক ঐ ব্যক্তিকে সোমবার তাকে আদালতে নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, বিমানের দরজা খোলার চেষ্টা এবং ক্রুকে আক্রমণের জন্য পাঁচ বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এদিকে, ইউনাইটেড এয়ারলাইনস কর্তৃপক্ষ কেবিন ক্রু ও যাত্রীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এক বিবৃতিতে জানিয়েছে ওই ঘটনায় কেউ আহত হয়নি।

ইত্তেফাক/এফএস