সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও সেনা কর্মকর্তাসহ নিহত সাত

আপডেট : ১৯ জুন ২০১৯, ২২:১৬

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষক ও সেনা কর্মকর্তাসহ সাত জন নিহত ও প্রায় ৮০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

সাভার: সাভারে একটি বেপরোয়া যাত্রীবাহী বাসের চাপায় ইসতিয়াক হোসেন (৩৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। ইসতিয়াক হোসেন মাগুরা জেলার মোহাম্মদপুরের দীঘা গ্রামের তোরাব হোসেনের ছেলে।

বান্দরবান: বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর একটি মাইক্রোবাস খাদে পড়ে সার্জেন ওবাদুল্লাহ নামের একজন নিহত হয়েছেন। এসময় আরো সাত জন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

বিশ্বনাথ (সিলেট): সিলেট-ঢাকা মহাসড়কে ঢাকাগামী একটি শ্যামলী বাসের ধাক্কায় বিশ্বনাথ পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম নিহত হয়েছেন। গতকাল সিলেট-ঢাকা মহাসড়কের অতির বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

কালকিনি (মাদারীপুর): ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনির ভাঙ্গাব্রিজ নামকস্থানে যাত্রীবাহী বিআরটিসি পরিবহন ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাদারীপুর সদরের মো. মাসুদ (৪০) ও মো. আবুবক্কর (৩০)।

বেনাপোল (যশোর): বেনাপোল-যশোর সড়কে গ্রীনলাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় বেনাপোলের ট্রান্সপোর্ট ব্যবসায়ী শাহাদত্ হোসেন নেদু (৫২) নামের একজন নিহত হয়েছেন। গতকাল সকালে আমড়াখালী নামক স্থানে এ ঘটনা ঘটে।

গোদাগাড়ী (রাজশাহী): গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত যুবক (২৯) নিহত হয়েছেন। গতকাল বিকালে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

সেনবাগ (নোয়াখালী): গতকাল ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ উপজেলার সেবারহাট পশ্চিম বাজারে ফেনীগামী সুগন্ধা পরিবহন উল্টে নারী পুরুষ শিশুসহ প্রায় ২৫ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।