আমাদের মধ্যে অনেকেই আছেন যারা শখের বসে চুল রং করেন। তবে তাদের মধ্যে অনেকেই কিন্তু জানেন না রঙকরা চুলের যত্ন কীভাবে নিতে হয়। চুলের রং সামান্য ধূসর হলেই কালো বা অন্য রং করে থাকেন অনেকেই, এতে দেখতে ভালো দেখায় কিন্তু সঠিক যত্নের অভাবে চুল হয়ে পড়ে নিস্তেজ। বেশিরভাগ সময়ই চুলের গোড়া মজবুত না থাকায় ঝরে যায়।
রঙকরা চুলের যত্ন
গরমে ঘামের লবণ পানি ও কড়া রোদে রঙকরা চুল সহজেই খারাপ হয়ে যায়। চুলের রং হালকা হয়ে যায়। এ ক্ষেত্রে চুলে রং করার আগেই আলট্রাভায়োলেট ফিল্টার আছে এমন চুলের পণ্য ব্যবহার করুন। এটি রোদের হাত থেকে চুলকে রক্ষা করবে। সাঁতার কাটার অভ্যাস থাকলে সাঁতারের পর চুল ভালো করে ধুয়ে নিতে হবে। রঙকরা চুলের জন্য বিশেষ ধরনের শ্যাম্পু পাওয়া যায়, বিশেষ ধরনের কন্ডিশনারও বাজারে কিনতে পাওয়া যায়, যা চুলের রঙকে ঠিক রেখে চুল পরিষ্কার করে। রঙকরা চুলের বেলায় চুল মোছার ক্ষেত্রে তোয়ালে হাতে নিয়ে হালকাভাবে মুছে নিন। জোরে ঘষবেন না। চুলের কিউটিকল নষ্ট হয়ে যাবে, চুলের রং হালকা হয়ে যাবে। মাসে অন্তত একবার কন্ডিশনিং ট্রিটমেন্ট করান। চুলের রং ও স্বাস্থ্য বজায় থাকবে।
যত্ন নিন সঠিকভাবে
- সপ্তাহে একবার হট অয়েল ম্যাসাজ করুন। চুল ভালো থাকবে।
- নিয়মিত হেনা ট্রিটমেন্ট করুন।
- অতিরিক্ত হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। চুল থেকে অন্তত ৩ ইঞ্চি দূরত্বে হেয়ার ড্রায়ার ধরে রাখুন।
- বৃষ্টিতে চুল ভিজলে চুল নিস্তেজ ও রুক্ষ হয়ে পড়ে। তাই বৃষ্টিভেজা চুল দ্রুত পানি দিয়ে ধুয়ে ফেলবেন।
- ভেজা চুল আঁচড়াবেন না। কারণ এতে চুলে খুশকি হতে পারে।
- তৈলাক্ত চুলে ঘন কন্ডিশনার ব্যবহার করবেন না। হেয়ার রিন্স ব্যবহার করুন।
