প্রথম দুই ওয়ানডেতে হারের পর বাংলাদেশকে পেয়ে বসেছিল হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা। সাকিব আল হাসানের কল্যাণে সেই শঙ্কা মুছে চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে জয় পেয়েছে বাংলাদেশ। কাটায় কাটায় ৫০ রানের সেই জয়ে বাংলাদেশ দল ফিরে পেয়েছে আত্মবিশ্বাস। আর সেই আত্মবিশ্বাস নিয়েই চট্টগ্রামের আজ নামছে টি-টোয়েন্টি দ্বৈরথে। সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ, চট্টগ্রামের সেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই।
টি-টোয়েন্টিতে নিশ্চিতভাবেই বাংলাদেশ আন্ডারডগ। ফেভারিটের তকমাটা সফরকারী ইংল্যান্ডের গায়েই। প্রশ্ন হলো, টি-টোয়েন্টিতে কেমন করবে বাংলাদেশ? দুই দল এর আগে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল টি-টোয়েন্টিতে। ২০২১ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে জয়ী দলের নাম ছিল ইংল্যান্ড। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ইংলিশরা জিতেছিল ৮ উইকেট আর ৩৫ বল হাতে রেখে। জয়ের ব্যবধানটাই বলে দিচ্ছে সেদিন আবুধাবিতে দুই দলের লড়াইটা হয়েছিল অসম। টি-টোয়েন্টি ক্রিকেটে দুই দলের পারফরম্যান্স বিচারে সত্যিকার অর্থেই বাংলাদেশ-ইংল্যান্ডের দ্বৈরথটা অসম। তারপরও প্রথম ম্যাচ খেলতে নামার আগে বাংলাদেশ দলকে আশাবাদী করছে দুটি বিষয়। এক. চট্টগ্রামের স্লো উইকেট। দুই. সাকিব আল হাসান।
৬ জানুয়ারি চট্টগ্রামের শেষ ওয়ানডেতে সাকিব আরো একবার প্রমাণ করেছেন, তিনি জ্বলে উঠলে একাই দলকে জেতাতে যথেষ্ট। ব্যাট ও বল হাতে একাই যেকোনো প্রতিপক্ষ গুঁড়িয়ে দিতে পারেন। ব্যাট হাতে ৭১ বলে ৭৫ রান, বল হাতে ৪ উইকেট-ওই আগুন-জ্বলা পারফরম্যান্সের আত্মবিশ্বাস তো আছেই। আজ প্রথম টি-টোয়েন্টি খেলতে নামার আগে দারুণ একটা সুখবরও পেয়েছেন সাকিব। ওয়ানডের আইসিসি বোলিং র্যাংকিংয়ে তিনি উঠে এসেছেন শীর্ষ পাঁচে। তাছাড়া আজ তার বাহুতে থাকবে নেতৃত্বের ব্যাটনও। ওয়ানডেতে বন্ধু তামিম ইকবালের নেতৃত্বে খেলেছেন। সেই তামিম টি-টোয়েন্টি ছেড়ে দিয়েছেন। সংক্ষিপ্ত এই সংস্করণে সাকিবের কাঁধেই অধিনায়কত্বের গুরুদায়িত্ব। দেশবাসীর প্রত্যাশাও বেশি থাকবে তার দিকেই। সাকিব পারবেন ব্যাটে-বলে জ্বলে ওঠে সিরিজটা জয় দিয়ে শুরু করতে?
সিরিজ শুরুর আগে অধিনায়ক সাকিব বা দলের অন্য কোনো ক্রিকেটারই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। তবে বাংলাদেশ দলের শ্রীলঙ্কান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে ওয়ানডে সিরিজের মতো ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটিকেও সুযোগ হিসেবে দেখছেন। কিসের সুযোগ? ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলকে পরখ করে দেখার সুযোগ। ইংল্যান্ড টি-টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। তবে বাংলাদেশ সফরে ইংলিশদের পূর্ণ শক্তির দল আসেনি। বরং দলের অনেক তারকাকে ছাড়াই নতুনদের নিয়ে এসেছে তারা।
হাথুরুর মতে, ইংল্যান্ডও ২০২৪ বিশ্বকাপের কথা মাথায় রেখেই দল গড়ে তোলার চেষ্টায় নেমেছে। তাই নতুনদের সুযোগ করে দিচ্ছে, নিজেদের গড়ে তোলার। বাংলাদেশ? মাত্রই কদিন আগে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নেওয়া হাথুরুর উত্তর, ‘টি-টোয়েন্টি দলটাকে আজই প্রথম দেখলাম। ২০২৪ বিশ্বকাপ-ভ্রমণের শুরু।’
বাংলাদেশের টি-টোয়েন্টি দলে আছেন রেজাউর রহমান, তৌহিদ হৃদয়, তানভীর ইসলামরা, যাদের এখনো অভিষেক হয়নি। ধারণা করা হচ্ছে এদের মধ্যে তৌহিদ হৃদয়ের টি-টোয়েন্টি অভিষেক হয়ে যেতে পারে আজই। এর সঙ্গে দীর্ঘ ৮ বছর পর দলে ফিরিয়ে আনা রনি তালুকদারেরও ঠাই হতে পারে একাদশে। তবে একাদশে যারাই থাকুন, লক্ষ্য থাকবে একটাই-জয়। মুখে কিছু না বললেও চট্টগ্রামে কঠোর অনুশীলনের মাধ্যমে সাকিববাহিনী দিয়েছেন সেই বার্তাই।
