মুক্তিযোদ্ধাদের বয়সের কোনো সীমা নেই—হাইকোর্টের এমন রায় স্থগিত করেনি আপিল বিভাগের চেম্বার আদালত। রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। গতকাল বুধবার এই আদেশ দেন আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান।
গত ১৯ মে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ এক রায়ে মুক্তিযোদ্ধা স্বীকৃতির ক্ষেত্রে সরকারের জারি করা বয়সসংক্রান্ত দুটি আদেশ (গেজেট) অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করেন।
প্রসঙ্গত ২০১৮ সালের ২১ জানুয়ারি সর্বশেষ জারি করা সরকারি এক আদেশে বলা হয়, ১৯৭১ সালের ৩০ নভেম্বর যাঁদের বয়স সাড়ে ১২ বছর তাঁরা মুক্তিযোদ্ধার স্বীকৃতি (প্রয়োজনীয় প্রমাণ ও দলিলপত্র সাপেক্ষে) পাবেন। এর আগে ২০১৬ সালের ১০ নভেম্বর অপর এক আদেশে বলা হয়, ১৯৭১ সালের ২৬ মার্চ যাঁদের বয়স ১৩ বছর ছিল তাঁরা মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন। সরকারের এই দুটি আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক ১৫টি রিট আবেদন দায়ের করা হয়।
