তৃতীয় লিঙ্গের লোকজনের যোগ দেওয়াকে কেন্দ্র করে বাদানুবাদের জেরে নারী দিবসের মিছিলে লাঠিচার্জ করেছে পাকিস্তান পুলিশ। বুধবার (৮ মার্চ) দুপুরে রাজধানী ইসলামাবাদের প্রেসক্লাব এলাকায় এ ঘটনা ঘটে।
কেন্দ্রীয় মন্ত্রী শেরি রহমান এক টুইট-বার্তায় নারী দিবসের মিছিলে পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। দোষী পুলিশ সদস্যদের চিহ্নিত ও আইনের আওতায় তদন্ত কমিটি গঠনের আহ্বানও জানিয়েছেন তিনি। এদিকে আন্তর্জাতিক নারী দিবসে বিক্ষোভ হয়েছে তুরস্কে। যদিও এক পর্যায়ে নারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।
এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম জিওটিভি জানায়, ৮ মার্চ নারী দিবস উপলক্ষে বিভিন্ন নারী অধিকার সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় ‘আওরত আজাদি মার্চ’ নামের এই মিছিলটি। ইসলামাবাদের প্রেসক্লাব এলাকায় মিছিলপূর্ব সমাবেশে যোগ দেন দেশটির কেন্দ্রীয় সরকারের জলবায়ু বিষয়ক মন্ত্রী শেরি রহমানও। তবে সমাবেশে বক্তব্য দিয়ে ওই এলাকা ছেড়ে চলে যান তিনি।
সমাবেশে নারীদের পাশাপাশি যোগ দেন উল্লেখযোগ্য-সংখ্যক তৃতীয় লিঙ্গের লোকজনও। সমাবেশ শেষে মিছিল বের করার পর অল্প সময়ের মধ্যেই সেটি পুলিশি বাধার মুখে পড়ে। নারীদের মিছিলে তৃতীয় লিঙ্গের লোকজনদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন পুলিশ সদস্যরা। এই ইস্যুকে ঘিরে নারীনেত্রীদের সঙ্গে পুলিশের কিছুক্ষণ বাদানুবাদ চলে; তার মধ্যেই আচমকা লাঠিচার্জ শুরু করেন পুলিশ সদস্যরা। এতে নারী ও তৃতীয় লিঙ্গের লোকজনের পাশাপাশি আহত হন সংবাদ সংগ্রহ করতে আসা কয়েকজন সাংবাদিক ও ক্যামেরাম্যানও।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা জানান, নারীনেত্রীরা শান্তিপূর্ণভাবে পুলিশের সঙ্গে আলোচনা করছিলেন। এসময় পুলিশ বিনা উসকানিতে হামলা চালায়। হামলার নিন্দা জানিয়ে বুধবার সন্ধ্যায় এক টুইটে কেন্দ্রীয় মন্ত্রী শেরি রহমান বলেন, একটি ছোট শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ করার কোনো অধিকার পুলিশের নেই। আমি ব্যক্তিগতভাবে এ ঘটনায় খুবই দুঃখ পেয়েছি এবং তদন্ত দাবি করছি।
নারী দিবসে তুরস্কে বিক্ষোভ
তুরস্কে সরকারকে উপেক্ষা করে আন্তর্জাতিক নারী দিবসে বিক্ষোভ করেন হাজার হাজার নারী। ইস্তাম্বুলে বুধবার যে সমাবেশ হয়, সেটিকে তারা নারীবাদী নাইট মার্চ বলে অভিহিত করেছে। খবরে বলা হয়, শহরের কেন্দ্রস্থলে তাকসিম স্কোয়ারে পৌঁছাতে বাধা দিলেও, মিছিলে কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি পুলিশ। যদিও এক পর্যায়ে নারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। মিছিল থেকে বেশ কয়েকজনকে আটকও করে তারা।
