প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ভবিষ্যতে জাতীয় ও স্থানীয় সব নির্বাচনই হবে ইভিএমে। কারণ ইভিএমে ভোট গ্রহণ যেমন সহজ, তেমনি ভোট গ্রহণের এক দেড় ঘণ্টার মধ্যেই ফলাফল পাওয়া যায়। আগের মতো ভোটের ফলের জন্য অপেক্ষার প্রহর গুনতে হয় না। গতকাল বুধবার বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে স্থানীয় প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন।
সিইসি বলেন, বগুড়ায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে। বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ করায় ভোটার উপস্থিতিও বেশি হবে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তাকে নির্বাচনী এলাকার পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন। তিনি বলেন, এ নির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না। তবে ইভিএমের জন্য টেকনিক্যাল সাপোর্ট হিসেবে সেনা সদস্যরা থাকবেন। এ সময় ইসি সচিব মো. আলমগীর কবীর, রাজশাহী বিভাগীয় কমিশনার নুর উর রহমান, জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে তিনি জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন এবং পুলিশ বিভাগের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। আগামী ২৪ জুন বগুড়া-৬ (সদর) শূন্য আসনে নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ২২ জুন প্রতিটি কেন্দ্রে ইভিএমে মক ভোট গ্রহণ করা হবে।
