চলমান ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার আগেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড দল। এরপর টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে আয়ারল্যান্ড। এই উপলক্ষ্যে আগেই তিন ফরম্যাটের জন্য আলাদা স্কোয়াড ঘোষণা করেছিল আইরিশরা। তবে বাংলাদেশে আসার আগমুহূর্তে স্কোয়াডে পরিবর্তন আনতে হচ্ছে দলটিকে।
জানা গেছে, ব্যক্তিগত কারণে আয়ারল্যান্ডের ওয়ানডে দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দেশটির তারকা পেসার জশ লিটল। এদিকে ইনজুরির কারণে টি-টোয়েন্টি স্কোয়াডের কোনোর ওলফার্টও থাকছেন না। আর তাই এই দুই জনের বদলি হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ফিওন হ্যান্ড। একই সঙ্গে টেস্ট স্কোয়াডেও অন্তর্ভুক্ত করা হয়েছে এই পেস বোলিং অলরাউন্ডারকে।
এর আগে ২০০৮ সালে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছিল আয়ারল্যান্ড দল। প্রায় ১৫ বছর পর এবারই প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আবার ঢাকায় আসছে তারা। আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আইরিশদের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ মার্চ। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এরপর ৪ এপ্রিল থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি।
