ভূমধ্যসাগরে প্রায় তিন সপ্তাহ আটকা থাকার পর দেশে ফেরার শর্তে ৬৪ বাংলাদেশিসহ অভিবাসন প্রত্যাশীদের নৌকাটি তীরে ভিড়তে দিয়েছে তিউনিসিয়া সরকার। রেড ক্রিসেন্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৮ মে ৬৪ বাংলাদেশিসহ ৭৫ জন অভিবাসন প্রত্যাশী লিবিয়া থেকে একটি ইঞ্জিন নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করে। তিউনিসিয়া উপকূলে পৌঁছানোর পর তাদের বহনকারী নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। ৩১ মে মিশরের একটি কার্গো জাহাজ তাদের উদ্ধার করে। কিন্তু উদ্ধারের পর বাংলাদেশিসহ অন্যদেশের অভিবাসীরা দেশে ফিরতে রাজি হচ্ছিল না। আর অভিবাসী আশ্রয় কেন্দ্রগুলো পূর্ণ থাকায় নৌকাটি তীরে ভিড়তে দিচ্ছিল না তিউনিসিয়া। শেষ পর্যন্ত দেশে ফেরার শর্তে নৌকাটি কূলে ভিড়তে অনুমতি দিয়েছে তিউনিসিয়া।
তিউনিসিয়া রেড ক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিম রয়টার্সকে বলেন, অভিবাসীরা নিজ নিজ দেশে ফিরতে সম্মত হয়েছে। ৬৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হবে। ঐ নৌকার অন্যদের মধ্যে একজন মরক্কো, ৯ জন মিশর এবং একজন সুদানের নাগরিক বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। এদের মধ্যে সুদানের নাগরিক আশ্রয় চাওয়ায় তাকে রেখে অন্যদের নিজ নিজ দেশে ফেরত পাঠাবে তিউনিসিয়া সরকার।
