বয়সসীমা উঠিয়ে দিয়ে ছাত্রদলের কমিটি গঠনের দাবিতে গতকাল বুধবারও অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের বিলুপ্ত কমিটির বিক্ষুব্ধ নেতারা। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ১১টায় অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। বিক্ষুব্ধরা ‘খালেদা জিয়ার মুক্তি চাই দিতে হবে,’ ‘সিন্ডেকেট দালালেরা হুঁশিয়ারি সাবধান’, ‘ ঘাপটি মারা দালালদের কালো হাত গুঁড়িয়ে দাও, ভেঙে দাও’ ‘আমাদের সংগ্রাম, আমাদের ত্যাগ বৃথা যেতে দেবো না’ ইত্যাদি স্লোগান দেন।
ইখতিয়ার রহমান কবির ও আসাদুজ্জামান আসাদ সাংবাদিকদের বলেন, আমরা আমাদের দাবির সমর্থনে শান্তিপূর্ণ কর্মসূচি করছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব।
উল্লেখ্য, গত ৩ জুন ঈদের আগের দিন রাতে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে দেয় বিএনপি। আগামী ৪৫ দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের কথা বলা হয়। কাউন্সিলে নির্বাচনের অংশ নেওয়ার ব্যাপারে ২০০০ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ন্যূনতম যোগ্যতার শর্তারোপ করা হয়।
