বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কথিত মানহানির যে দুই মামলায় উচ্চ আদালত বেগম খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছে সে দুটি মামলাই প্রতিহিংসামূলক। কারণ যে ব্যক্তি মামলা দুটি করেছে তাকে সবাই চেনে এবং যে অভিযোগে মামলা করা হয়েছে তা সম্পূর্ণরূপে অসত্য। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আদালত জামিন দিলে সেক্ষেত্রে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। তিনি বলেন, আরো দুটি মামলায় নিম্ন আদালতকে প্রভাবিত করে সরকার বেগম জিয়াকে সাজা দিয়েছে। আমরা আরো আশা করব, জামিন নিয়ে সরকার আর কোনো কারসাজি করবে না, বাধা দিবে না। এ দুটি মামলায় বেগম জিয়ার জামিন নিশ্চিত হলে উচ্চতর আদালতের ওপর মানুষের আস্থা বৃদ্ধি পাবে।
উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ও শেষ ধাপের ভোট গ্রহণে পুলিশ ও ক্ষমতাসীন দলের ক্যাডাররা ন্যক্কারজনক ভূমিকা পালন করেছে মন্তব্য করে রিজভী বলেন, ২০টি উপজেলার প্রায় সবখানে পুলিশের ভূমিকা ছিল দলীয় ক্যাডারের মতো। বিভিন্ন ভোটকেন্দ্রে এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। রাতে ভোটারদের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখানো হয়।
দেশে এখন ‘কন্ট্রাক্ট গুম’ চলছে অভিযোগ করে রিজভী বলেন, দেশের মানুষের জীবন-যাপন ও বেঁচে থাকা নির্ভর করছে ঠগিদের ওপর। দেশে এখন কন্ট্রাক্ট গুম চলছে। বর্তমান সরকারেরই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগনে ও মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রীর নাতির গুম হয়ে যাওয়ার ঘটনা গোটা জাতিকে আতঙ্কিত ও শিহরিত করে তুলেছে।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, অধ্যাপক ড. শাহিদা রফিক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
