দুই সরকারি হাসপাতালে দুদকের অভিযান

আপডেট : ২০ জুন ২০১৯, ০০:২৮

বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে অনিয়মের অভিযোগে সরকারি কর্মচারী হাসপাতাল ও কামরাঙ্গীরচরে ৩১ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার কমিশনের দুইটি পৃথক এনফোর্সমেন্ট টিম এ দুটি অভিযান চালায়।

দুদক সূত্র জানায়, সম্প্রতি দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) অভিযোগ আসে যে, রাজধানীর ফুলবাড়ীয়ায় অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালে সরকারি কর্মচারীদের চিকিত্সা সেবায় অনিয়ম হচ্ছে, এমনকি ওই হাসপাতালের লোকজন ইকুইপমেন্টের স্বল্পতা দেখিয়ে রোগীর চিকিত্সার জন্য যেসব টেস্ট দরকার সেগুলো করা থেকে বিরত থাকছে। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশসহ পাঁচ সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম গতকাল হাসপাতালটিতে অভিযান চালায়। দুদক টিম সরেজমিনে গিয়ে হাসপাতালের পরিচালকের সাথে অভিযোগের বিষয়ে কথা বলেন। হাসপাতালের পরিচালক দুদক টিমকে জানান, হাসপাতালের দুটি ইকো মেশিনের একটি নষ্ট হয়ে গিয়েছে এবং ভিআইএ সিবিসি টেস্ট করার সরঞ্জামাদিও অকেজো অবস্থায় রয়েছে। অবিলম্বে উল্লিখিত মেশিনসমূহ মেরামতের পরামর্শ দেয় দুদক টিম।

অপরদিকে নানা অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে কামরাঙ্গীরচরে ৩১ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালের দুদকের ঢাকা-১ এর সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম গতকাল অভিযান চালায়। এরপর টিমটি হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে অভিযোগের বিষয়ে কথা বলেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, লোকবল সংকটের কারণেই মূলত সেবাপ্রার্থীদের যথাযথ সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। শত প্রতিকূলতা সত্ত্বেও জনস্বার্থে মানসম্মত সেবা প্রদানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করে দুদক টিম। হাসপাতালে চিকিত্সা নিতে আসা লোকজনকে পরবর্তীতে যে কোনো সেবাপ্রাপ্তিতে অনিয়ম পেলে দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) জানাতে বলা হয়।