গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা সাংবিধানিক অধিকারের আলোকে স্বল্পআয়ের দরিদ্র জনগোষ্ঠির বসতির অধিকার বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ, বস্তি উচ্ছেদ না করা এবং বাজেটে বস্তিবাসীদের পুনর্বাসনের বিষয় অন্তর্ভুক্তির আহবান জানিয়েছেন। আলোচকরা বলেন, পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ করা যাবে না- হাইকোর্টের এই রায় থাকার পর বস্তি উচ্ছেদ করা অমানবিক ও আইনের লঙ্ঘন। ঢাকা সবার, ধনী, দরিদ্র সকলের। পরিবহন শ্রমিক, গার্মেন্টস কর্মী, হকার, ক্ষুদ্র ব্যবসায়ী, নিম্ন-আয়ের মানুষেরা উন্নয়নের চালিকা শক্তি।
গতকাল ‘বস্তি উচ্ছেদ ও নগর দরিদ্রদের বসতির অধিকার : বর্তমান পরিস্থিতি ও বাজেটে পুনর্বাসনের অন্তর্ভুক্তি’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে কোয়ালিশন ফর দ্যা আরবান পুওর—কাপ। সেমিনারে বস্তি উচ্ছেদের বর্তমান পরিস্থিতির উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। সরকারি কর্তৃপক্ষ, গবেষক, প্রাজ্ঞজন, আইনবিদ, সাংবাদিক, বেসরকারি সংস্থা ও তৃণমূল প্রতিনিধিরা সেমিনারে অংশগ্রহণ করেন। কাপ নগর দরিদ্রদের উন্নয়নে কর্মরত ৬৮টি জাতীয় ও আন্তর্জাতিক এনজিওদের একটি নেটওয়ার্কিং টিম প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি নগর দরিদ্রদের অধিকার প্রতিষ্ঠায় ১৯৮৯ সাল থেকে কাজ করে যাচ্ছে। সেমিনারে কাপ এবং সিবিও সংগঠনগুলো নগর গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলামকে তার ৮০ বছর পূর্তিতে নগর গবেষণা এবং দরিদ্র জনগোষ্ঠির পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে সম্মাননা জানায়। তাকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে কাপ-এর চেয়ারপার্সন ডা. দিবালোক সিংহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছেন স্বল্পব্যয়ে বস্তিবাসীদের আবাসন তৈরি করে ন্যূনতম ভাড়া প্রদানের ভিত্তিতে সরকারের পক্ষ থেকে তাদের পুনর্বাসন করা হবে। এক্ষেত্রে সরকার এবং তৃণমূল বেসরকারি সংগঠনগুলোর যৌথ উদ্যোগে ডিজিটাল পদ্ধতিতে ডাটাবেজ তৈরি করে বস্তিবাসীদের পুনর্বাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ করা যায়। এক্ষেত্রে শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভারতের আহমেদাবাদে দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন প্রক্রিয়ার দৃষ্টান্ত অনুসরণ করা যেতে পারে।
সাংবাদিক শ্যামল দত্তের সঞ্চালনায় সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করেন মো. আখতারুজ্জামান। অবস্থান পত্রে বলা হয় এস ডি জি বাস্তবায়নে দরিদ্র জনগোষ্ঠির অবদান রয়েছে। সমাজের দরিদ্র জনগোষ্ঠিকে প্রান্তঃসীমায় রেখে দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করা যাবে না। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক এম এম আকাশ. ব্যারিস্টার সারাহ হোসেন, অধ্যাপক নুরুল ইসলাম নাজিম, খন্দকার রেবেকা সান-ইয়াত, আশিকুর রহমান, লিয়াকত আলী ভূঁইয়া, মোস্তফা কাইয়ুম খান, স্থপতি সাদিয়া শারমিন, ফাতেমা আক্তার প্রমুখ ।
