জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিগত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২১ শতাংশে নেমে এসেছে। দারিদ্র্য বৈষম্য নিরসনে সামাজিক নিরাপত্তা কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাঠ পর্যায়ে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রমের সুবিধা যাতে প্রকৃত দরিদ্র ব্যক্তির কাছে পৌঁছে সে বিষয়ে সংসদ সদস্যরা প্রয়োজনীয় তদারকি করবেন। গতকাল বুধবার সংসদ ভবনের শপথ কক্ষে জাতীয় সংসদ ও মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল সম্পর্কে অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্পিকার বলেন, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের ব্যাপ্তি বাড়িয়ে ৭৪ হাজার কোটি টাকা করা হয়েছে। ফলে এ খাতে আরো বেশিসংখ্যক সুবিধাভোগী সামাজিক নিরাপত্তার সুবিধা ভোগ করবেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী।
