তথ্য গোপন করে ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বইয়ে ইতিহাস বিকৃতি নিয়ে রিট করায় রিটকারী ড. কাজী ইরতেজা হাসানকে তলব করেছে হাইকোর্ট। আগামী ৩০ জুলাই তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। রিটকারী আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, আমাদের হস্তক্ষেপের পূর্বেই নতুন বইয়ের মুদ্রণের কাজ শুরু হয়েছে। আপনি যদি এটা জানতেন তাহলে কি এই মামলার শুনানিতে অংশ নিতেন? জবাবে ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন বলেন, আমি অংশ নিতাম না। শুনানি শেষে হাইকোর্ট তলবের আদেশ দেয়। এর আগে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও বাংলাদেশ ব্যাংকের পক্ষে ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি শুনানি করেন।
শুনানিতে আজমালুল হোসেন বলেন, যখন বিষয়টি নজরে এসেছে তখনই ব্যাংক কর্তৃপক্ষ বই বিতরণ স্থগিত করেছে। পরে ভুল স্বীকার করে নতুন বই প্রকাশ করেছে। এসময় বইয়ের দুইটি কপি তিনি আদালতে দাখিল করেন। তার এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
