মিশরে বিচার চলাকালে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুর নিরপেক্ষ তদন্ত দাবি করেছে জাতিসংঘ, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ। মঙ্গলবার জাতিসংঘ মুরসিকে গত ছয় বছরে ঠিকমতো চিকিত্সা দেওয়া হয়েছিল কিনা এবং তার পরিবার ও আইনজীবীদের তার সঙ্গে সরকার সাক্ষাত্ করতে দিয়েছিল কিনা সেই বিষয়ে তদন্ত দাবি করেছে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, সরকার মুরসিকে সঠিক চিকিত্সা দেয়নি এবং কারাগারে তার মৌলিক অধিকারও লংঘিত হয়েছে। এর বস্তুনিষ্ঠ তদন্ত দরকার। একই দাবি করেছে অ্যামনেস্টিও। তবে মিশর সরকার এসব অভিযোগ প্রত্যাখান করেছে। সরকারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ হাফেজ দাবি করেছেন, এটা স্বাভাবিক মৃত্যু ছিল। তিনি বলেন, মিশরের রাষ্ট্রীয় সংগঠন ও বিচারিক বিশুদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে জাতিসংঘ। মঙ্গলবার দাফন সম্পন্ন হওয়ার পর টুইটার বার্তায় মুরসির স্ত্রী নাগলা মাহমুদ অভিযোগ করেন, তার স্বামীর জানাজা ও দাফনের ক্ষেত্রেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। অন্যদিকে ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্টের কাছে মুরসির পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, মৃত্যুর দিনে মোহাম্মদ মুরসি আদালত কক্ষে ২০ মিনিট অজ্ঞান অবস্থায় পড়ে ছিলেন। সে সময় মিশরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে প্রাথমিক চিকিত্সাও দেওয়া হয়নি। তবে দেশটির অ্যাটর্নি জেনারেল এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। - আল-জাজিরা
