বগুড়ায় ভ্যান চালককে গলা কেটে হত্যা

আপডেট : ২০ জুন ২০১৯, ১৭:৪১

বগুড়ায় সিরাজুল ইসলাম (৩৫) নামের এক ভ্যান চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা ১১টায় সোনারায় ইউনিয়নের তেলকুপি মোড়ের একটি কলাবাগান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। 

সিরাজুল গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের বাবুনিয়া পোদ্দারপাড়া এলাকার আনসার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন সন্তানের জনক সিরাজুল পেশায় ছিলেন ভ্যান চালক। প্রতিদিনের মত তিনি বুধবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। পরে রাতে আর ফেরেননি। 

আরও পড়ুন: বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে।

গাবতলী থানার অফিসার ইনচার্জ সেলিম হোসেন জানান, ঘটনার পর থেকে ভ্যানটি পাওয়া যাচ্ছে না। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে খুন করা হয়ে থাকতে পারে। 

ইত্তেফাক/অনি