বনের ভেতর কয়লা কারখানা, গুড়িয়ে দিলো প্রশাসন

আপডেট : ২০ জুন ২০১৯, ১৭:৫৭

মির্জাপুরে অবৈধভাবে গড়ে ওঠা ৬০টি কয়লা তৈরির কারখানা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত।এ সময় একজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। জব্দ করা হয় বিপুল পরিমাণ কয়লা। বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পৌরসভাসহ বাঁশতৈল, তরফপুর ও আজগানা ইউনিয়নের এ অভিযান পরিচালনা করা হয়। 

উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা খালপার, খাটিয়ারঘাট, তেলিনা ও কুমড়িপাড়া এবং বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া, পেকুয়া, মোতারচালা, গায়রাবেতিল ও বংশীনগরসহ বিভিন্ন এলাকায় একটি অসাধু চক্র সরকারি বনের আশপাশে ও নির্জন স্থানে অবৈধভাবে কয়লা তৈরির কারখানা (চুল্লি) তৈরি করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে আসছিল। অভিযোগ রয়েছে স্থানীয় কিছু রাজনৈতিক নেতার ছত্রছায়ায় দীর্ঘ দিন ধরে এই অবৈধ কারবার চলে আসছে।

উপজেলা প্রশাসন গোপনে সংবাদ পেয়ে পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইনুল হোসেন অভিযান চালিয়ে ৬০টি অবৈধ কয়লা তৈরির চুল্লি ভেঙ্গে দেন।  এ সময় চুল্লির মালিক মো. আক্কাছ আলীকে (৪৫) আটক করে জেল হাজতে পাঠানো হয়। 

আরও পড়ুন: কোটি টাকা ব্যয়ে আবারও পাইলিং গাছের খুঁটি দিয়ে

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইনুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, অভিযান চলমান থাকবে।

ইত্তেফাক/অনি