চোখের জলের দাগ

আপডেট : ২০ জুন ২০১৯, ১৯:৫২

যেকোনো চোখের জল দ্রুততায় বিস্তারিত হয়

বৃক্ষের শান্তির মতো ভেজা চোখ দেখে

           ভিজে যায় পার্শ্ববর্তী মরুশুষ্ক চোখ

 

আধার যেটাই হোক—বলা হয় ‘জল’ কিংবা পানি

যখন সে চক্ষু থেকে ঝরে—

           ‘আদরে-সোহাগে’ ওকে ‘অশ্রু’ বলে ডাকি

 

যথেষ্ট গভীর গূঢ়—শেষাবধি সাগরের তল দেশ থাকে

           মাপজোখে চক্ষু কিন্তু পরিসীমাহীন

 

সমুদ্রে সমুদ্র মিলে যত জল আছে

           তার চেয়ে বেশি আছে মেঘাচ্ছন্ন চোখের কোনায়

 

যুদ্ধচিহ্ন ঢেকে যায় সময়ের জটিল ধুলায়

     চোখের জলের দাগ মুছে দিতে চাই

           অন্য কারও চক্ষুঝরা জল।