এখানে বসন্তগুলো
ফ্যাক্টরির কালিমাখা শীর্ণ যন্ত্রাংশের মতো
মলিন, ধূসর।
এখানে স্বপ্নেরা সব
পরিত্যক্ত শহরের ভগ্ন দালানের মতো অবসাদগ্রস্ত।
এখানে চড়ুই পাখিদের
কিচিরমিচির শব্দ নেই,
সূর্যমুখীর রেণুরা আর সঙ্গম বোঝে না।
এখানে বালিকাদের
ছুটোছুটি লুটোপুটি উচ্ছলতা থেমে গেছে
বহুকাল আগে।
এখানে মানুষ আজ
অভিশপ্ত নগরীর বাসিন্দাগণের মতো
অসাড়, নিষ্প্রাণ।
এখানে তামাদি দেয়ালের আস্তরের মতো
খসে খসে পড়ছে জীবন।
