‘বর্ষার ভালোবাসা’ আয়োজিত

আপডেট : ২০ জুন ২০১৯, ২০:২৬

আষাঢ় মাসের প্রথমদিন ছিল গত ১৫ জুন। এদিন সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজন করা হয় রবীন্দ্রনাথের বর্ষা ও প্রেমের গান নিয়ে ‘বর্ষার ভালোবাসা’। আয়োজক ছিল ভারতীয় দূতাবাস, ঢাকার ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টার। অনুষ্ঠানে শিল্পী ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীতশিল্পী কামাল আহমেদ। আষাঢ় সন্ধ্যাকে স্মরণীয় করে তুললেন শিল্পী তাঁর উপস্থাপনায়। মূল অনুষ্ঠানের শুরুতেই কথা বলেন ভারতীয় দূতাবাস, ঢাকার ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টারের পরিচালক ড. নীপা চৌধুরী। তারপর কামাল আহমেদ একে একে ১৪টি গান গেয়ে শোনান। ‘আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে’ গান দিয়ে শুরু করেন আর শেষ করেন ‘ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি’ দিয়ে।

উল্লেখ্য, এর আগেও ২০১৭ সালে কামাল আহমেদের রবীন্দ্রসঙ্গীতের আসর বসেছিল ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টারে।