আজ সুগন্ধি দিবস

জীবন হোক সুবাসিত

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৯:৫১

সুগন্ধির রকমফের রয়েছে। পৃথিবীতে সুগন্ধি বা পারফিউমের অভাব নেই। সুগন্ধির ক্ষেত্রে মানুষের পছন্দেও রয়েছে বৈচিত্র্য। প্রকৃতির রূপ-রসের সঙ্গে গন্ধ জুড়ে যে অভিজ্ঞতা জন্মায় তাকে এড়িয়ে যাওয়ার সুযোগই বা কোথায়! সেই ছোটবেলায় কবিতার লাইন পড়েছি- ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। এই কবিতা অবশ্য অনেকটা মন খারাপের প্রেক্ষাপটের। কিন্তু সুগন্ধ আমাদের মনকে ইতিবাচক ভাবনায় পরিপূর্ণ করে তোলে। আমাদের মধ্যে এক ধরনের উদ্দীপনা জাগাতে পারে সুবর্ণ ঘ্রাণ। তাই দৈনন্দিন জীবনের ইন্দ্রিয়গ্রাহ্য এই দিকটিকে নিয়ে ভাবনার একটি দিন অন্তত থাকা জরুরি। সে দিনটিই আজ। ২০১৮ সাল থেকে ফ্রেগন্যান্স ফাউন্ডেশন ২১ মার্চ সুগন্ধি দিবস হিসেবে পালন করে আসছে। 

প্রাকৃতিক সুবাস দ্বারা অনুপ্রাণিত হয়ে মানুষ নিজে সুগন্ধি প্রস্তুত করতে শুরু করে। এখনও সুগন্ধি উৎপাদনের ক্ষেত্রে নানা গবেষণা হয়ে থাকে। তবে কবে থেকে এই চর্চা শুরু হয়েছিল তা কারো পক্ষে জানা সম্ভব হয়নি। কিন্তু সুগন্ধি উৎপাদনের চর্চা যে হাজার বছর পুরনো তাতে কারো সন্দেহ নেই। তারপরও মানুষ একটি ধারাবাহিকতা জানতে চায়। যতটুকু জানা গেছে রসায়নবিদ তাপ্পুতি ইতিহাসের প্রথম পারফিউম প্রস্তুতকারী। খ্রিষ্টপূর্ব ২০০০ অব্দে মেসোপটেমিয়ায় এই রসায়নবিদ বাস করতেন। তারও আগে প্রাকৃতিক উপাদান থেকে সুগন্ধি উৎপাদন করা হতো। সাইপ্রাস দ্বীপে বিশ্বের সর্বপ্রাচীন পারফিউম উৎপাদন কারখানা পাওয়া গেছে। সেও ব্রোঞ্জ যুগের কথা। বাইবেলের এক্সোডুস বইয়ে তরল মিরহ, সুগন্ধি দারুচিনি, সুগন্ধি আখ ও ক্যাসিয়ার উল্লেখ পাওয়া যায়। বর্তমানে পারফিউম উৎপাদনে সবার শীর্ষে রয়েছে ফ্রান্স। সুগন্ধিকে মূল্যায়নের বিষয়টি নতুন কিছু নয়। তবে আনুষ্ঠানিকভাবে সুগন্ধি দিবসের যাত্রা শুরু হয় ২০১৮ সালে।

কিন্তু কিভাবে দিনটি উদযাপন করা যায়? মূলত আপনি সুগন্ধি নিয়ে কেমন ভাবেন, কেমন সুগন্ধি আপনার পছন্দ এসব বিষয় নিয়ে ভাবার একটি দিন এটি। পছন্দের পারফিউম মেখে দিনটিকে উদযাপন করুন। আশপাশের সবার সঙ্গে পারফিউম নিয়ে গল্প করার সুযোগ করে নিন। যদি ক্যামিকেল পারফিউমে আপত্তি থাকে তাহলে ফুল এনে রাখুন। ফুলের সুবাসে কাটুক দিনটি। মূলত দিনভর সুগন্ধের আনন্দদায়ক প্রভাবে মনকে চাঙা রাখার জন্যেই এই দিবস। অন্তত দিবস হওয়াতে আপনার জীবনে সুবাসের গুরুত্বটা মনোযোগ দেওয়া হবে এবং আপনিও একটি সুস্থ জীবনের দিকে এগিয়ে যাওয়ার নতুন এক রসদ পাবেন। তাই আজ সুগন্ধি দিবস উদযাপন করুন। অন্যদেরও ছড়িয়ে দিন। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন