বাংলাদেশি কবি সুফিয়া কামালের ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ডুডল তৈরি করেছে গুগল। গতকাল বুধবার রাত ১২টার পর বাংলাদেশের গুগল ব্যবহারকারীরা ডুডলটি দেখতে পারছেন। ডুডলটিতে ক্লিক করলে কবি সম্পর্কে প্রকাশিত খবর, উইকিপিডিয়া পেইজের লিঙ্ক ও তার লেখা বইয়ের নামসমূহ দেখা যাচ্ছে। ডুডলটিতে শাড়ি পরা অবস্থায় কবিকে বসে থাকতে দেখা যাচ্ছে। তার পেছনে সবুজ রঙের পেঁচানো হরফে লেখা গুগল। তার নিচে সারি বেঁধে নারীদেরকে হাতে হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তিনি ছিলেন বেগম পত্রিকার সম্পাদক। তার লেখা কাব্যগ্রন্থগুলো হলো সাঁঝের মায়া, অভিযাত্রিক, মায়া কাজল, মন ও জীবন, প্রশস্তি ও প্রার্থনা। সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। যে সময়ে সুফিয়া কামালের জন্ম তখন বাঙালি মুসলিম নারীদের গৃহবন্দি জীবন কাটাতে হতো। স্কুল-কলেজে পড়ার কোনো সুযোগ তাদের ছিলো না। পরিবারে বাংলা ভাষার প্রবেশ একরকম নিষিদ্ধ ছিল। সেই বিরুদ্ধ পরিবেশে সুফিয়া কামাল প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। তিনি পারিবারিক নানা উত্থানপতনের মধ্যে স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। তিনি একাধারে ছিলেন কবি, লেখিকা ও নারী আন্দোলনের অগ্রণী নেত্রী। ধর্মীয় গোঁড়ামি ও অসাম্প্রদায়িকতার বিরুদ্ধেও তিনি লড়াই করেছেন। ১৯৯৯ সালের ২০ নভেম্বর সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন।
