জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে: জেলেনস্কি

আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৯:৩৭

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার বলেছেন, তিনি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কিয়েভ সফরকালে তার সাথে ‘ফলপ্রসূ আলোচনা’ করেছেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জেলেনস্কি তার সান্ধ্যকালীন ভাষণে বলেন, ‘মি. কিশিদার সাথে আমাদের আলোচনা বেশ ফলপ্রসূ ছিল।’

তিনি বলেন, ‘রাশিয়ার আগ্রাসন এবং সন্ত্রাসের বিরুদ্ধে সুরক্ষার জন্য আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষায় বিশ্বকে আরো সক্রিয়ভাবে সংগঠিত করতে আমাদের সাথে একত্রে কাজ করার জন্য আমি জাপানের অত্যন্ত সুনির্দিষ্ট ইচ্ছার কথাও শুনেছি।’

এর আগে কিশিদা দ্বিপাক্ষিক আলোচনার জন্য ভারত সফর করেন। দুই দিনের এ সফরে ২০ মার্চ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন তিনি। তবে সফর শেষে টোকিও না যেয়ে কিশিদা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে ছুটে যান। 

যুদ্ধে ইউক্রেনের প্রতি জাপানের সমর্থন ও সংহতি প্রকাশ করতেই কিয়েভ সফরে এসেছেন বলে ধারণা করা যাচ্ছে। 

ইত্তেফাক/এএইচপি