সুনামগঞ্জ-সিলেট সড়কে উন্নত বাস সার্ভিস চালু করা, বিআরটিসি বাস বন্ধের দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা অনৈতিক হরতাল প্রত্যাহার করা, বিআরটিসি বাসের সংখ্যা বৃদ্ধি করা, চলমান গাড়ির ভাড়া কমানো, বাস টার্মিনালে যাত্রী ছাউনি নির্মাণসহ বিভিন্ন দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ারে এ কর্মসূচির আয়োজন করে যাত্রী অধিকার আন্দোলন সুনামগঞ্জ। মানববন্ধনে বক্তব্য রাখেন, যাত্রী অধিকার আন্দোলন সুনামগঞ্জের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, যাত্রী অধিকার আন্দোলন সুনামগঞ্জের যুগ্ম-আহ্বায়ক চিত্তরঞ্জন তালুকদার, মো. ফজলুল হক, জুবের আহমদ অপু, সদস্য সচিব অ্যাডভোকেট বুরহান উদ্দিন দোলন, যুগ্ম-সদস্য সচিব শামস শামীম, কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান কুবাদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, যদি ধর্মঘট প্রত্যাহার করা না হয় পরবর্তী সুনামগঞ্জ-সিলেট সড়কের প্রতিটি পয়েন্টে সমাবেশ করা হবে।
উল্লেখ্য, ঈদুল ফিতরের আগে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসির বাস চলাচলের উদ্বোধন করেন। এ সময় পরিবহন মালিক-শ্রমিকরা অর্ধদিন ধর্মঘট পালন করে। পরে ২৪ জুন অনির্দিষ্টকালের ধর্মঘটের আল্টিমেটাম দেয়।
