খাগড়াছড়ির রামগড়ের পাহাড়ে নতুন জাত হিসেবে বারি আম-৪ এর আকার ও রং সকলের নজর কেড়েছে। উপজেলার প্রত্যন্ত এলাকা খাগড়াবিলে ১০ একরের টিলাভূমিতে সৃজিত বাগানে রোপণের দেড় বছর পর এবার দ্বিতীয় দফা ফল ধরেছে প্রায় এক হাজার গাছে। প্রতিটি গাছেই ২৫-৩০টি আম ধরেছে। একটি আমের ওজন ৭শ গ্রাম হতে এক কেজি পর্যন্ত। বাগানের মালিক মেজবাহ উদ্দিন সোহাগ বলেন, প্রথম বছরে তাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি ফলন হয়। এবছর আরো বেড়েছে ফলন। তিনি আরো বলেন, বাগানে এসেই পাইকার ও খুচরা ক্রেতারা আম কিনে নিয়ে যায়। রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জুলফিকার আলী ফিরোজ বলেন, এলাকার মাটি ও আবহাওয়া এ আম চাষাবাদের জন্য পুরোপুরি উপযোগী।
