চুয়েটে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং কর্মশালা শুরু

আপডেট : ২০ জুন ২০১৯, ২১:৩৯

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ নির্মাণাধীন আইটি বিজনেস ইনকিউবেটর প্রজেক্ট এবং আইসিটি বিভাগের বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের যৌথ আয়োজনে ‘স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং’ শীর্ষক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার চুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অপারেটিং সিস্টেম ল্যাবে ওই কর্মশালার উদ্বোধন করেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। কর্মশালায় ভারতের ৫ জন আইটি বিশেষজ্ঞ প্রশিক্ষণ প্রদান করবেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০০ নিবন্ধিত ছাত্র-ছাত্রী প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন। ৫ দিনের কর্মশালায় বিগ ডাটা, ব্লক-চেইন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রভৃতি বিষয়ে পৃথক আলোচনা করা হবে।