জেলার বারহাট্টার উপজেলার অসুস্থ এবং প্রবীণ আওয়ামী লীগ নেতা আপ্তাবউদ্দিন খান (৬৫) চিকিত্সার ব্যয়ভার মেটাতে পারছেন না। তিনি প্রায় পঙ্গু অবস্থায় এখন ঢাকার সিএমএইচে চিকিত্সাধীন। সুচিকিত্সার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আর্থিক সহায়তা চেয়েছেন তিনি। তিনি এক লিখিত আবেদনে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৬৬ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত চিরাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন। ১৯৭৫ সালে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার পর থেকে আওয়ামী লীগের দুঃসময়ে চিরাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসাবে ২০০১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসাবে আজ পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন। চলতি বছরের ৩০ মে রমজানের সময় তারাবির নামাজ শেষে স্ট্রেচারে ভর করে ঘরের ঢোকার সময় তিনি পড়ে যান এবং তার বাম পায়ের হিপ জয়েন্টে প্রচণ্ড আঘাত পান, ফলে বল এবং সকেটের হাড় ভেঙে যায় এবং হিপ জয়েন্ট স্থানচ্যুত হয়ে যায়। সেই থেকে প্রচণ্ড ব্যথায় তিনি শয্যাশায়ী। বর্তমানে সিএমএইচ-এ চিকিত্সাধীন। তার একার পক্ষে সাংসারিক খরচ, দুই সন্তানের লেখাপড়ার খরচ এবং ব্যয়বহুল চিকিত্সা খরচ চালিয়ে যাওয়া অত্যন্ত কষ্টসাধ্য। তাই তিনি সুচিকিত্সার জন্য প্রধানমন্ত্রীর সহায়তা কমনা করেছেন।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান খান বলেন, আপ্তাবউদ্দিন খানের চিকিত্সার জন্য আর্থিক সহায়তা কামনা করছি। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
