সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। একইসঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়া পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। শুক্রবার সকালে ঢাকার বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৯০%। বাতাসের গতি ছিলো দক্ষিণ-পশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় ০৬ থেকে ১২ কিলোমিটার।
গতকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো চুয়াডাঙ্গায় ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা হবে ৬টা ১১ মিনিটে। আগামীকাল শনিবার (২৫ মার্চ) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৮ মিনিটে।
