চুয়াডাঙ্গায় বুধবার রাতে পূর্ববিরোধের জের ধরে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম হেদায়েত মণ্ডল (৪৮)। তিনি সদর উপজেলার হাসনহাটি গ্রামের মৃত পুটে মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসনহাটি গ্রামে একটি ইটভাটা নির্মাণকে কেন্দ্র করে ওই গ্রামের হেদায়েত মণ্ডল ও কাদের আলীর মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ওইদিন হেদায়েত মণ্ডলের ছেলে আক্তারের সঙ্গে কাদের আলীর ভাগনে শাহীনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হেদায়েত মণ্ডলকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ মো. ফকরুল আলম খান জানান, ঘটনার পর হাসনহাটি গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
