রাঙ্গামাটি শহরের মানিকছড়ি এলাকায় পাহাড়ের খাদে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা পাহাড়ি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের বয়স ৩৫ বছরের মতো হবে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা মানিকছড়ি পুলিশ ফাঁড়ির সদস্যদের জানালে তারা মরদেহটি উদ্ধার করেছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি। তবে লাশের চেহারা নষ্ট হয়ে যাওয়ায় তাত্ক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রহমান খান পাঠান জানান, লাশটি দেখে মনে হচ্ছে পাহাড়ি যুবকের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কে কারা তাকে মেরে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। তারপরও মরদেহটি হাসপাতালে ময়নাতদন্তের পর প্রাপ্ত রিপোর্ট অনুসারে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
