আগৈলঝাড়ায় মঙ্গলবার গভীর রাতে অজ্ঞান অবস্থায় অজ্ঞাত এক যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা শহীদ স্মৃতি ক্লাবের কাছে অজ্ঞান অবস্থায় ওই যুবককে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এখন পর্যন্ত তার জ্ঞান না ফেরায় পরিচয় জানা যায়নি।
কর্তব্যরত চিকিত্সক ডা. বখতিয়ার আল মামুন জানান, চিকিত্সাধীন যুবক শারীরিকভাবে খুবই দুর্বল। তার মুখ দিয়ে লালা বের হচ্ছিল। চিকিত্সার পর সে চোখ খুললেও দুর্বলতার কারণে কথা বলতে পারছে না। তিনি আরো বলেন, ওই যুবককে বিষাক্ত কোনো খাবার খাওয়ানো হয়েছে বা খেয়েছে। তার জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
