‘সত্যি কথা বলতে এই সময়ে এসে ভিন্ন ভিন্ন এবং একটু ব্যতিক্রমী গল্প ও চরিত্রে অভিনয় করতে চাই। যেগুলো একজন অভিনয়শিল্পী হিসেবে তৃপ্তি দেবে।’—নিজের অভিনয় পরিকল্পনা প্রসঙ্গে জানতে চাইলে কথাগুলো বলেন জনপ্রিয় অভিনেত্রী ফারজানা চুমকি।
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য প্রশংসিত নাটক দর্শকদের উপহার দিয়েছেন অভিনেত্রী তিনি। পাশাপাশি শুরু থেকেই নিজেকে মঞ্চের সাথে জড়িয়ে রেখেছেন। বর্তমানে বেশ কয়েকটি নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছেন চুমকি। এছাড়াও তার অভিনীত ‘স্মৃতির আল্পনা’, ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’ এবং ‘এমিল ও তার গোয়েন্দা বাহিনী’ নাটকগুলো প্রচার হচ্ছে ৩টি চ্যানেলে। যা বেশ আলোচিত হচ্ছে দর্শকদের কাছে।
নাটকগুলো প্রসঙ্গে চুমকি বলেন, ‘তিনটি নাটকই মূলত তিন ধরনের গল্পের। আমার চরিত্রগুলোও ভিন্ন ভিন্ন। নাটকগুলো করে ভালো লেগেছে।’এদিকে ঢাকা থিয়েটারের দর্শকপ্রিয় নাটক একটি ‘লৌকিক এবং অলৌকিক স্টিমার’-এ অভিনয় করছেন চুমকি। নাটকটি পরিচালনা করছেন শহীদুজ্জামান সেলিম।
নাটকটি নিয়ে চুমকি বলেন, ‘মঞ্চ আমাকে সবসময় টানে। এ কারণে মঞ্চকে ভালোবেসে এখনও অভিনয় করে যাচ্ছি। এই নাটকে আমার চরিত্রটি দর্শকদের কাছে সাড়া ফেলেছে। তাদের ভালোবাসায় আমি সিক্ত।’ অন্যদিকে দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে চুমকি একটি সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত গিয়াসউদ্দিন সেলিমের ‘পাপ পূণ্য’ বেশ প্রশংসিত হয়েছে।
