শরীয়তপুরের নড়িয়া উপজেলার চান্দনি গ্রামে ইয়াকুব ছৈয়াল নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও অপরাধীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার ভোজেশ্বর ইউনিয়নবাসীর ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই কর্মসূচি পালিত হয়। এতে ভোজেশ্বর ইউনিয়নের চান্দনি, পাঁচক, আনাখন্ড ও দুলুখন্ড গ্রামের মানুষ অংশ নেয়। বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে বক্তব্য রাখেন নড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জলিল সরদার, নড়িয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জামাল ফকির, ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।
ইয়াকুব ছৈয়াল স্থানীয় চান্দনি বাজারের ইট-বালুর ব্যবসায়ী ছিলেন। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ গত ১০ জুন তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে মিন্টু ছৈয়াল বাদী হয়ে ১১ জুন নড়িয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ভোজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ সিকদার ও তার পাঁচ ছেলেসহ ২২ জনকে আসামি করা হয়েছে।
