সংবাদ সংক্ষেপ

আপডেট : ২০ জুন ২০১৯, ২১:৫০

দক্ষতা ও সচেতনতা

শীর্ষক সেমিনার

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা বদরগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার হয়। বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট।

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা গোমস্তাপুরে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে এনজিও ভার্ক। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভার্কের সাধারণ সম্পাদক মির্জা তারেক মমতাজুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ হুমায়ূন রেজা। উপজেলার ৪৩ জন মেধাবী শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে মোট ৫ লাখ ১৬ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

ফুলবাড়িতে সড়কের নামকরণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণ দাবিতে স্মারকলিপি পেশ

ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা ফুলবাড়িতে বঙ্গবন্ধুর নামে সড়কের নামকরণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল মজিদ সরকার, সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মো. শাহাজান আলী সরকার পুতু, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম ডা. মোজাফ্ফর হোসেন সরকারের ছেলে মহসিন আলী সরকারসহ অন্যদের নেতৃত্বে এলাকাবাসী পৌর এলাকার হাটিহারধর রাস্তা থেকে বাংলা স্কুল পর্যন্ত সড়কটির নাম বঙ্গবন্ধু সড়ক করাসহ মরহুম ওয়াকিল উদ্দিন সরকারের বাড়ির সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।   

রাণীনগরে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগর উপজেলা পর্যায়ে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে নওগাঁ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।

দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা বাকেরগঞ্জে দুর্নীতি প্রতিরোধে বৃহস্পতিবার ছাত্র-ছাত্রীদের মধ্যে রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আকমল হোসেন খান।

মাগুরায় পিআইবির

প্রশিক্ষণ কর্মশালা

মাগুরা প্রতিনিধি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবির) তত্ত্বাবধানে শুক্রবার থেকে মাগুরায় শুরু হচ্ছে তিনদিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং বিষয়ক কর্মশালা। মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সকালে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ। বিশেষ অতিথি থাকবেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর। কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করবেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

ভোলায় বার্ষিক সমন্বয় সভা

ভোলা প্রতিনিধি ভোলা জেলা পর্যায়ে গ্রাম আদালত  কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ভোলা জেলা প্রশাসন এর সম্মেলন কক্ষে ইউএনডিপির আর্থিক সহায়তায় এ সমন্বয় সভা  হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মাহামুদুর রহমান।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নীলফামারীতে সংবাদ সম্মেলন

নীলফামারী প্রতিনিধি নীলফামারীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন প্রথম রাউন্ড উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সিভিল সার্জনের আয়োজনে সদর আধুনিক হাসপাতালের সভাকক্ষে সংবাদ সম্মেলন হয়। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিক্যাল কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের সোহেল কর্মকর্তারা।

চা চাষের উপর কর্মশালা

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা দেবীগঞ্জে  ক্ষুদ্র পর্যায়ে চা চাষ সম্প্রসারণের লক্ষ্যে শোভাযাত্রা ও দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে নর্দান বাংলাদেশ প্রকল্প বাংলাদেশ চা বোর্ড ও উপজেলা প্রশাসন যৌথভাবে কর্মশালার আয়োজন করে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি কর্মশালার উদ্বোধন করেন। 

বঙ্গবন্ধুর সমাধিতে বরুড়া উপজেলা

চেয়ারম্যানের শ্রদ্ধা

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এএনএম মইনুল ইসলাম বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন, বরুড়া পৌরসভার সাবেক মেয়র বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন মজুমদার প্রমুখ।