ননলাইফ ইন্স্যুরেন্সের এজেন্সি কমিশন ১৫ শতাংশের বেশি প্রদান করা যাবে না

আপডেট : ২০ জুন ২০১৯, ২১:৫১

আগামী ১ আগস্ট থেকে ননলাইফ ইন্স্যুরেন্সের এজেন্সি কমিশন হিসেবে ১৫ শতাংশের বেশি কাউকে প্রদান করা যাবে না। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের সভাপতিত্বে ননলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সকল চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পরিচালকবৃন্দ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এই বিষয়ে অবহিত করা হয়েছে।  ননলাইফ বিমা কোম্পানিসমূহের উন্নয়নের বিভিন্ন দিকসহ বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত সার্কুলারের বিষয়বস্তু এবং কমিশন প্রদান বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ইউসুফ আবদুল্লাহ হারুন, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আফতাবুল ইসলামসহ অন্যান্য চেয়ারম্যানবৃন্দ বক্তব্য রাখেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক ননলাইফ বিমা কোম্পানিসমূহের জন্য ৬ মার্চ জারিকৃত সার্কুলারের প্রতিটি বিষয় আবশ্যিকভাবে পালন করতে বলা হয়।