ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে দাঁড়াতেই পারেনি আয়ারল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট ও বল হাতে দাপট দেখিয়েছে টাইগাররা। ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আইরিশরা। ওয়ানডেতে বাংলাদেশের কাছে পাত্তা না পেলেও টি-টোয়েন্টিতে জিততে চায় আইরিশরা।
রোববার (২৬ মার্চ) প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে আসেন আয়ারল্যান্ডের প্রধান কোচ আইনরিখ মালান। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ব্র্যান্ডের ক্রিকেট খেলার কথা জানিয়ে আইনরিখ মালান বলেন, ‘আপনি যত বেশি সম্ভব ম্যাচ জিততে চাইবেন। আমরা বুঝতে পারছি আন্তর্জাতিক ক্রিকেট জয়-পরাজয়ের খেলা। আমরা সবসময়ই চাই ৩-০তে জিততে। বাংলাদেশকে ৩-০তে হারানোটা মূল বিষয় না। আমাদের জন্য ব্যাপার হচ্ছে একটা নির্দিষ্ট পথ ও ব্র্যান্ডের ক্রিকেট খেলতে হবে। এটা করতে পারলে ৩-০তে জয় এমনিতেই আসবে।’
তিনি আরও বলেন, ‘এই সিরিজ দারুণ চ্যালেঞ্জের হবে। কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে এই ফরম্যাটে। বিশ্বকাপে আমরা দেখিয়েছি এমন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারি, যেটা রোমাঞ্চকর, মানুষ দেখতে আগ্রহী। এই ধরনের কন্ডিশনে নিজেদের পরীক্ষা করতে পারা অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের জন্য দারুণ অভিজ্ঞতার সুযোগ।’
