মূলধনি যন্ত্রপাতি আমদানিতে অ্যাডভান্স ট্যাক্স প্রত্যাহার

আপডেট : ২০ জুন ২০১৯, ২১:৫৩

বাজেটে ভ্যাট বিভাগ কর্তৃক অগ্রিম ভ্যাটের (এটিভি) স্থলে আরোপিত অ্যাডভান্স ট্যাক্স আরোপ ও তা কার্যকর করা নিয়ে সৃষ্ট জটিলতায় অবশেষে মূলধনি যন্ত্রপাতিসহ কয়েকটি খাতের আমদানিতে শর্তসাপেক্ষে এই কর প্রত্যাহার করেছে  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল এ বিষয়ে একটি দিকনির্দেশনা জারি করেছে এনবিআরের ভ্যাট বিভাগ। এতে বলা হয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিয়ে অ্যাডভান্স ট্যাক্স পরিশোধ ছাড়া বন্দর থেকে তা খালাস করা যাবে।

মূলধনি যন্ত্রপাতি ছাড়াও এ তালিকায় রয়েছে ভ্যাট প্রথম তফসিলের অব্যাহতিপ্রাপ্ত পণ্য, সরকার অনুমোদিত বিদ্যুেকন্দ্রের আমদানিকৃত যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও বিদ্যুত্সংশ্লিষ্ট উপকরণ, এনবিআরের অনুমোদনের ভিত্তিতে সরকারি প্রকল্পের আওতায় আমদানিকৃত পণ্য, ডিফেন্স স্টোর হিসেবে আমদানিকৃত পণ্য, অন্ধ ও বধিরদের জন্য আমদানিকৃত পণ্য, ত্রাণসামগ্রী, রাষ্ট্রপতি কর্তৃক আমদানিকৃত পণ্য, বন্ড সুবিধায় আনা আমদানিকৃত পণ্য এবং সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, জাতিসংঘভুক্ত সংস্থা, দূতাবাস, বিশেষ সুবিধাপ্রাপ্ত ব্যক্তি ও সংস্থার আমদানিকৃত পণ্য। এসব পণ্যে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে না।

প্রস্তাবিত বাজেটে সব ধরনের আমদানির ওপর ৫ শতাংশ অ্যাডভান্স ট্যাক্স আরোপ করে এনবিআর। অবশ্য এটি রিটার্ন দাখিল করে ফেরত নেওয়া বা সমন্বয় করা যাবে। আগে কেবল বাণিজ্যিক আমদানি পণ্যে ৫ শতাংশ অগ্রিম আয়কর দিতে হতো। নতুন এ সিদ্ধান্ত বাজেটে ঘোষণার দিন থেকেই কার্যকর হয়। এর ফলে বন্দরে পণ্য ও যন্ত্রপাতি ছাড়ে জটিলতা তৈরি হয়। যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ শুল্কের বদলে ৫ শতাংশ অ্যাডভান্স ট্যাক্স ছাড়া পণ্য খালাস করা যাচ্ছিল না। কেবল রপ্তানির কাঁচামাল (বন্ডের আওতায়) আমদানিতে অব্যাহতি ছিল। এ নিয়ে হাজার হাজার কোটি টাকার যন্ত্রপাতি ছাড় নিয়ে জটিলতার পরিপ্রেক্ষিতে শিল্পোদ্যোক্তাসহ আমদানিকারকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, এটি হয়রানি ছাড়া আর কিছুই নয়। এর ফলে মূলধন আটকে যাবে। সরকারি অফিসে টাকা গেলে তা ফেরত আনা এত সহজ নয়। এরপর গতকালই এমন সিদ্ধান্ত এলো এনবিআর থেকে।

অবশ্য এর বাইরেও বেশকিছু পণ্য পণ্য থেকে এ সিদ্ধান্ত প্রত্যহার না করায় অসন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক ইত্তেফাককে বলেন, ‘অগ্নিনিরাপত্তার যন্ত্রপাতি ও পণ্যে অ্যাডভান্স ট্যাক্স প্রত্যাহার করা হয়নি। বিষয়টি নিয়ে আমরা এনবিআরের সঙ্গে আলোচনা করছি।’

অন্যদিকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহসভাপতি সিদ্দিকুর রহমান ইত্তেফাককে বলেন, এনবিআরের আদেশে কাস্টমসের মূলধনি যন্ত্রপাতির প্রজ্ঞাপনভুক্ত যন্ত্রপাতি এবং তুলা, পলিয়েস্টার ইয়ার্ন ও ভিসকস ইয়ার্নের কথা বলা হয়েছে। কিন্তু আরো কিছু কাঁচামাল শিল্পে ব্যবহার হয়, যেগুলোতে এখনো আগাম কর রয়ে গেছে। এসব কাঁচামাল ৫ শতাংশ কর দিয়ে খালাস করলে উদ্যোক্তাদের মূলধন আটকে থাকবে।