১০ মাসে সেবা রপ্তানি বেড়েছে ৪৩ শতাংশ

আপডেট : ২০ জুন ২০১৯, ২১:৫৩

চলতি ২০১৮-১৯ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত প্রথম ১০ মাসে সেবা খাতের রপ্তানি বেড়েছে পূর্বের অর্থবছরের একই সময়ের চেয়ে ৪২ দশমিক ৫৮ শতাংশ। আলোচ্য সময়ে ৪১৬ কোটি ৬৭ লাখ ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে বাংলাদেশ সেবা রপ্তানি করেছে প্রায় ৪৫৯ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ। অবশ্য অর্থবছরের প্রথমদিকে রপ্তানিতে গতি বেশি থাকলেও শেষদিকে তা কিছুটা কমে এসেছে। অর্থবছরের  প্রথম ছয় মাসে গড় রপ্তানি ৫০ শতাংশের উপরে থাকলেও ১০ মাস শেষে তা কমে দাঁড়িয়েছে ৪৩ শতাংশে। সর্বশেষ এপ্রিলে বেড়েছে ২৯ শতাংশের মতো। আলোচ্য সময়ে রপ্তানি হয়েছে ৫৪ কোটি ডলারের পণ্য।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে।

অতীতে ইপিবি পণ্য রপ্তানির পরিসংখ্যান প্রকাশ করলেও সেবা খাতের রপ্তানির পরিসংখ্যান আলাদাভাবে প্রকাশ করতো না। গত দুই অর্থবছর থেকে পণ্য রপ্তানির পরিসংখ্যানের পাশাপাশি আলাদাভাবে সেবা রপ্তানির পরিসংখ্যানও প্রকাশ করে আসছে। গত ২০১৭-১৮ অর্থবছরে ৩ হাজার ৬৬৭ কোটি ডলারের পণ্য রপ্তানির পাশাপাশি ৪৩৪ কোটি ডলারে সেবাসহ মোট ৪ হাজার ১শ কোটি ডলারের রপ্তানি করে বাংলাদেশ। চলতি অর্থবছরে ৩ হাজার ৯শ কোটি ডলারের পণ্য ও ৫শ কোটি ডলারের সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সবমিলিয়ে চলতি অর্থবছর ৪ হাজার ৪শ কোটি ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এর মধ্যে অর্থবছরের প্রথম ১০ মাসে পণ্য রপ্তানি বেড়েছে প্রায় ১২ শতংশ। সবমিলিয়ে আলোচ্য সময়ে মোট রপ্তানি হয়েছে ৩ হাজার ৭১৪ কোটি ডলারের পণ্য ও সেবা।  সেবা রপ্তানির তালিকায় রয়েছে উত্পাদনশীল খাতের সেবা, পরিবর্তন, ভ্রমণ, নির্মাণ সেবা, বিমা ও আর্থিক সেবা, টেলিযোগাযোগ ও তথ্য সেবা, সাংস্কৃতিক ও বিনোদন এবং সরকারি পণ্য ও সেবা।