বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, উন্নতি করতে চাইলে উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় সরকারি কর্মচারীদের বেতন-ভাতা প্রদান করা হয়। জনগণের কাজে তাদের দায়বদ্ধতা অনেক। পুরাতন পদ্ধতি, ধ্যান-ধারণা ও ট্রেডিশন থেকে বেরিয়ে আসতে হবে। দেশের উন্নতি এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বাণিজ্য বৃদ্ধির বিকল্প নেই।
বাণিজ্যমন্ত্রী গতকাল ঢাকায় জাতীয় জাদুঘরে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত ‘নাগরিক সেবায় উদ্ভাবনী পাইলট উদ্যোগসমূহের ইনোভেশন শোকেসিং মেলা-২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। উল্লেখ্য, মেলায় বাণিজ্য মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চা বোর্ড, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৯টি উদ্ভাবনী বিষয় তুলে ধরে। বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও চিফ ইনোভেশন অফিসার ড. মো. শাহ আলম।
