আর্জেন্টিনায় বিশেষ স্বীকৃতি পেলেন মেসি

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ০৫:৪০

গেল বছরের ১৮ ডিসেম্বর প্রায় তিন দশক পর বিশ্বকাপ ট্রফি জিতে ল্যাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। এর আগে ১৯৮৬ সালে কিংবদন্তি দিয়েগো মারাদোনা বিশ্বকাপ শিরোপা নিয়ে গিয়েছিলেন ঐ দেশে। ৩৬ বছর পর এবার ট্রফি গিয়েছে মেসির হাতে করে। খেলোয়াড়ি জীবনে মারাদোনাকেও ছাড়িয়ে গিয়েছেন মেসি। তবে তার একটি অর্জনই বাকি ছিল—সেটি হলো বিশ্বকাপ জয়।

২০১৪ সালে ফাইনালে হেরে খুব কাছে থেকে ব্যর্থ হয়ে ফিরতে হয়েছিল মেসিদের। তবে ২০২২ সালে এসে আর শূন্য হাতে ফেরেননি তারা। ফ্রান্সকে ফাইনালে হারিয়ে সোনালি ট্রফি হাতে তুলে জানিয়েছিলেন তিনি তৃপ্ত। বিশ্ব জুড়ে নন্দিত হয়েছেন মেসি। বিশ্বকাপ জেতার পর নানা সম্মানে সম্মানিত হয়েছেন মেসি। এবার বিশ্বজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে অনন্য সম্মান জানিয়েছে তার দেশ।

বুয়েনস আইরেসে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেনিং ফেসিলিটির নাম এতদিন ছিলো ‘দ্য কাসা দি এজেইজা’। তবে এ বার তা পরিবর্তন করে বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসির নামে নামাঙ্কিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেনিং ফেসিলিটির নাম। অর্থাত্ মেসিকে অনন্য সম্মান জানানোর জন্য জাতীয় দলের অনুশীলন সেন্টারের নাম তার নামেই করে দিয়েছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন (এএফএ)।

এ খবর নিশ্চিত করে সংস্থাটির প্রধান ক্লাদিও তাপিয়া এক টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘কাসা দে এজেইজায় আমরা একটা ঐতিহাসিক সময় পার করেছি, আজ থেকে বিশ্বের সেরা ফুটবলারের সম্মানে যার নাম হবে লিওনেল আন্দ্রেস মেসি ক্যাম্প।’ এদিকে, নিজের ক্যারিয়ার জুড়ে অসংখ্য সম্মান ও স্বীকৃতি পেলেও এটিকে বিশেষ বলে মনে করছেন এলএমটেন। নিজ দেশে এমন স্বীকৃতি পেয়ে ইনস্টাগ্রামে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, ‘এই স্বীকৃতি আমার পাওয়া সেরা স্বীকৃতিগুলোর একটি। এটা অনেক সম্মানের, অনেক ধন্যবাদ।’ মেসির ইনস্টাগ্রাম পোস্টে কমেন্টও করেছেন তাপিয়া। সেখানে তিনি লিখেছেন, ‘যোগ্য হিসেবেই তুমি স্বীকৃতি পেয়েছ।’

ইত্তেফাক/ইআ