পণ্য আমদানিতে আগাম কর প্রত্যাহারের দাবি জানিয়েছে ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতারা। সংগঠনের নেতারা আরো বলেন, বিগত বছরের মতো এবারও আশা ভঙ্গ হয়েছে পোলট্রি খামারি ও উদ্যোক্তাদের। পোলট্রি ফিডের অত্যাবশ্যকীয় কাঁচামাল ‘ভুট্টা’ আমদানিতে অগ্রিম আয়কর এবং ‘সয়াবিন অয়েল কেক’ এর উপর থেকে রেগুলেটরি শুল্ক প্রত্যাহার না হওয়ায় এ হতাশা।
পোলট্রি শিল্প খাতের বাজেট নিয়ে বুধবার মহাখালিতে অবস্থিত প্যারাগন হাউসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এহতেশাম বি. শাহজাহান বলেন, সয়াবিন অয়েল কেক এর উপর আরোপিত পাঁচ শতাংশ রেগুলেটরি ডিউটি, কটন সীড ও পাম নাটসের উপর থেকে পাঁচ শতাংশ সিডি ও পাঁচ শতাংশ এটিটি এবং ভুট্টার ওপর থেকে পাঁচ শতাংশ এআইটি প্রত্যাহারই ছিল এবারের অন্যতম দাবি। কিন্তু সয়াবিন অয়েল কেক আমদানিতে আরডি এবং ভুট্টা আমদানিতে এআইটি বহাল রাখা হয়েছে।
তিনি আরো বলেন, প্রস্তাবিত বাজেটে ফিডের উপকরণ হিসেবে যে তিনটি উপকরণে কর ও শুল্ক ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে সেগুলোর সাথে ফিড ইন্ডাস্ট্রির কোনো সম্পর্ক নেই। ফলে কার্যত তেমন কোনো সুফল আসবে না।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আহসানুজ্জামান ডি-অয়েলড রাইস ব্রান (ডিওআরবি) এর উপরও সমহারে শুল্ক বাড়ানোর প্রস্তাব করেন। তার মতে, যেহেতু এ দুটি উপকরণ মূলত একই পণ্য তাই শুল্ক সমান না হলে এক পণ্যের নামে অন্য পণ্য রপ্তানি করে মুনাফা লুটার চেষ্টা করবে সুযোগ সন্ধানীরা।
ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রকিবুর রহমান টুটুল বলেন, পোলট্রি খাত মূল্য সংযোজন কর (মূসক) থেকে অব্যাহতি পাওয়ার কারণে হ্রাসকৃত অর্থ সমন্বয়েরও কোনো সুযোগ নেই। তাই এ বিধান প্রযোজ্য হলে একদিন বয়সী জিপি/পিএস বাচ্চা, যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানির ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়বে। বিপুল পরিমাণ অর্থ অগ্রিম কর হিসেবে কর্তন করা হবে। ফলশ্রুতিতে বাচ্চার উত্পাদন কার্যক্রমে চলতি মূলধনের সংকট সৃষ্টি হবে। সর্বোপরি পোলট্রির ডিম ও মাংস উত্পাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
সাশ্রয়ী মূল্যে ডিম ও মুরগির মাংসের যোগান নিরবচ্ছিন্ন রাখতে এবং প্রতিযোগিতামূলক রপ্তানি বাজারে বাংলাদেশি পোল্ট্রি পণ্যের প্রবেশ সহজতর করতে পোল্ট্রি শিল্পের যৌক্তিক দাবিগুলো পুনর্বিবেচনার দাবি জানান পোলট্রি সংশ্লিষ্টরা। বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সভাপতি মসিউর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
