সর্বোচ্চ চেষ্টা করেছিল দ. আফ্রিকা!

আপডেট : ২০ জুন ২০১৯, ২২:১০

গাণিতিকভাবে দেখতে গেলে দক্ষিণ আফ্রিকা এখনো টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি। তবে দলটির অধিনায়ক ফাফ ডু প্লেসিস বুঝতে পারছেন, এখন তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা প্রায় শূন্য। তাদের সেমিফাইনালে উঠতে হলে বাকি তিনটি ম্যাচ বিশাল ব্যবধানে জিততে হবে এবং অন্যদের ম্যাচগুলো সব তাদের মনমতো হতে হবে। এ অবস্থায় সেরা চারের স্বপ্ন দেখা কঠিন। তবে ডু প্লেসিস বলছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার জয়ের জন্য যা যা করার ছিল, তার সবই তারা মাঠে করেছেন। কিন্তু ফল আসেনি।

নিজের অবস্থা বলতে গিয়ে ডু প্লেসিস বলছিলেন, তার দলের কাছ থেকে এর চেয়ে বেশি লড়াই তিনি আশা করতে পারতেন না, ‘আপনারা জানেন, এটা (সেমিফাইনাল) এখন খুব কঠিন। আপনারা বুঝতে পারবেন, ড্রেসিংরুমে খেলোয়াড়রা কেমন যন্ত্রণা টের পাচ্ছে। আমার মনে হচ্ছে, বয়স পাঁচ বছর বেড়ে গেছে। আমার শরীর এখনো ব্যথা করছে। আমরা মাঠে সবকিছু উজাড় করে দিয়েছি। আমি অধিনায়ক হিসেবে এর চেয়ে বেশি দাবি করতে পারতাম না। ছেলেরা লড়াই করেছে। তারা লড়াই করে দেখিয়েছে।’

কিন্তু এ লড়াইটা নিউজিল্যান্ডকে হারানোর জন্য যথেষ্ট হয়নি। ডু প্লেসিস বলেন, নিউজিল্যান্ড দল হিসেবে দক্ষিণ আফ্রিকার থেকে আগানো ছিল বলেই জয়টা আসেনি, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা যে প্রতিপক্ষের সাথে খেলেছি, তাদের মতো অত ভালো ছিলাম না আমরা। নিউজিল্যান্ড এদিন আমাদের চেয়ে একটু হলেও ভালো দল ছিল। এটা স্রেফ জয়ের ক্ষুধার ব্যাপার নয়; স্কিলেই ওরা আগানো ছিল। এটা শুধু দৃঢ়প্রতিজ্ঞার ব্যাপার নয়, শুধু লড়াই করার ব্যাপার নয়। ফলে আমি আমার দলকে দোষ দিতে পারছি না।’

কিন্তু দক্ষিণ আফ্রিকা ম্যাচটা হারল ঠিক কী কারণে? ক্যাচ পড়েছে সমানে, রান আউট মিস হয়েছে। কিন্তু ডু প্লেসিস মনে করছেন, এ সব কারণ নয়, তারা হেরেছেন আসলে ব্যাটিংয়েই কম রান করার জন্য। ২৬০ বা ২৭০ রান হলে ফলাফলটা অন্যরকম হতো বলে তার বিশ্বাস, ‘আমরা কঠিন একটা সময়ে ব্যাট করেছি। জুটি করেছি এবং তারপরই উইকেট হারিয়েছি। এর ফলে আমরা ১৫ বা ২০ রান কম করতে পেরেছি। আমরা ড্রেসিংরুমে এটা নিয়ে কথা বলছিলাম। আমরা চেষ্টা করছিলাম ২৬০ বা ২৭০ রান করতে। সেটা হলে খুব ভালো স্কোর হতো। আমরা কখনো কখনো ভালো করেছি। উইকেট যেমন চিন্তা করা হচ্ছিল, সেরকম ফ্লাট ছিল না। প্রথম ১৫ ওভার তো একেবারে অকল্যান্ডের উইকেটের মতো ছিল।’

আরো একটা বিশ্বকাপ চলে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার হতাশা আরো প্রলম্বিত হচ্ছে। তবে ফাফ ডু প্লেসিস মনে করেন না যে, এ বিশ্বকাপেই দক্ষিণ আফ্রিকার আশা শেষ হয়ে যাচ্ছে। তিনি এখনো দলটির ভালো ভবিষ্যত্ দেখছেন। সেই ভবিষ্যত্ নিয়েই তারা সামনে আগাতে চান।