ফেসবুক ও বর্তমান প্রজন্ম

আপডেট : ২০ জুন ২০১৯, ২২:২৩

বর্তমান সর্বাধিক জনপ্রিয় ও বহুল ব্যবহূত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তরুণ থেকে শুরু করে মধ্যবয়সী ও বৃদ্ধরাও ফেসবুক ব্যবহার করে পরিবার ও আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। ম্যাসেঞ্জার ব্যবহার করে ভিডিও ও অডিও কলে খুব সহজে একে অন্যর সঙ্গে পারস্পরিক ভাবের আদান-প্রদান বাড়িয়ে দূরত্বকে কাছে এনে দিয়েছে ফেসবুক। যুবকরাই সব থেকে বেশি ব্যবহার করছে ফেসবুক এবং বিভিন্ন অপকর্মে জড়িয়েও পড়ছে। আজকে ফেসবুকের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। ফেসবুকের প্রতি অতিরিক্ত আসক্তি অনেকের পড়াশোনার আগ্রহ কমিয়ে আনছে, ফলে তারা শর্ট সাজেশনের দিকে ঝুঁকছে। যার কারণে পাসের হার বাড়লেও শিক্ষার মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ফেসবুকে অনৈতিক সম্পর্ক গড়ে  তোলা, ছবি বিকৃতি করে টাকা দাবি, উসকানিমূলক ছবি পোস্ট করে যুবসমাজকে বিপথগামী করার মতো ঘটনা ঘটছে। ফেসবুকে প্রায় ৭০% নারী যৌন হয়রানির শিকার হচ্ছে। ফেসবুকের অপব্যবহারে জাতির ভবিষ্যত্ হুমকির মুখে পড়েছে। নীতি-নৈতিকতার শিক্ষা ও সচেনতা এই ধরনের অপরাধ কমাতে পারে। আর এইক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা পালন করতে পারে বাবা-মা। অন্যদিকে সাইবার দমন ইউনিটগুলো ফেসবুকের অপব্যবহার  রোধ করতে পারে। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার জন্য অনুরোধ করছি।

তানিউল করিম জীম

কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ,

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ২২০২