ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেন্ট্রাল হলে সংসদের দুই কক্ষের যুগ্ম অধিবেশনে ভাষণে লোকসভা নির্বাচনে বিপুলসংখ্যক নারীর অংশগ্রহণের প্রশংসা করেন। তিনি বলেন, ‘প্রবল গরমের দাপট সত্ত্বেও মানুষ বিপুল সংখ্যায় ভোট দিয়েছেন। নারীরাও বিপুল সংখ্যায় পোলিং বুথে গিয়েছেন।’
সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশন সোমবার শুরু হয়েছে। নবনির্বাচিত সাংসদরা শপথগ্রহণ করেছেন ও স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নির্বাচনের পরে সংসদে তার প্রথম ভাষণে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বৃহস্পতিবার ‘বিশ্বের বৃহত্তম নির্বাচনকে সাফল্যের সঙ্গে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে অভিনন্দন জানান।’
রাষ্ট্রপতি বলেন, ‘সাংসদদের অবশ্যই মনে রাখতে হবে কোটি কোটি মানুষ প্রতিকূল আবহাওয়ার ভেতরে ভোট দিয়েছেন। তাঁদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে হবে। আমি আশা করব এই কক্ষ একসঙ্গে সেই লক্ষ্য নিয়েই কাজ করবে।’ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, তিন তালাক ও ‘নিকাহ হালালা’র মতো বিষয়কে নিষিদ্ধ করা দরকার নারীদের সমানাধিকার প্রতিষ্ঠার জন্য।
রাষ্ট্রপতি বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়েছে। রেকর্ডসংখ্যক মানুষ ভোট দিয়েছেন এবং আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, নারীদের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ভোটার কিংবা জয়ী প্রার্থী— দুই দিক দিয়েই এটা লক্ষ্য করা যাচ্ছে। ২০১৯ লোকসভা নির্বাচনে যতসংখ্যক নারী ভোট দিয়েছেন, তা প্রায় পুরুষদের সমান। এমনকি, কোনো কোনো অঞ্চলে নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের থেকে বেশি ছিল।’ লোকসভা নির্বাচনে বিপুলসংখ্যক নারীর অংশগ্রহণের প্রশংসা করলেন রাষ্ট্রপতি।
