বাস চাপায় প্রাণ গেলো ক্লাসের ফার্স্টবয়, সেকেন্ডবয়ের

আপডেট : ২০ জুন ২০১৯, ২২:৩৫

বাস চাপায় প্রাণ গেল স্কুলের ফার্স্টবয় ও সেকেন্ডবয়ের। এছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো চার জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। রিপোর্টার, ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

মণিরামপুর (যশোর): যশোরের মণিরামপুরে হানিফ পরিবহনের চাপায় স্কুলের ফার্স্টবয় ও সেকেন্ডবয় নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কোচিং শেষে বাড়ি ফেরার পথে মণিরামপুর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর খইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো— ধলিগাতি গ্রামের খাইরুল বাশারের ছেলে আশিকুর রহমান (১৬) এবং অপরজন পার্শ্ববর্তী জামলা গ্রামের আবুল কালামের ছেলে আল-আমিন (১৭)। তারা উপজেলার ধলিগাতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

সাভার: আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর বাসস্ট্যান্ডে গত বুধবার রাতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন— নড়াইল জেলার শেখ সদর আলী (৬১) ও সাতক্ষীরা জেলার আলমগীর হোসেন (২৮)।   আটঘরিয়া (পাবনা): আটঘরিয়ার জালালের ঢালু-গোরুরী সড়কে গতকাল চলন্ত গাড়ির চাপায় ভারসাম্যহীন এক অজ্ঞাত নারী (৬০) নিহত হয়েছেন।

হাটহাজারী (চট্টগ্রাম): হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মনিয়া পুকুর পাড় বাজারে গতকাল বাস ও মুরগী বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক রনি আলম (২৫) নিহত হয়েছেন।

ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রীর মৃত্যু

যশোর: রেললাইনে মোবাইল ফোনে কথা বলে বলে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় সানজিদা সেতু টুম্পা (১৭) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শহরের পালবাড়ি মোড়ের বাঙালিপাড়ায় এ ঘটনা ঘটে। টুম্পা যশোর শহরের চোরমারা দীঘিরপাড়ার গ্রিনলাইন পরিবহনের চালক সিরাজুল ইসলাম বাবুর মেয়ে। তিনি যশোর সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।