মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার স্বজনরা স্বামীর বসতঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩১ মার্চ) রাতে সদর উপজেলার এওজ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রায় দু‘বছর আগে সদর উপজেলার দুধখালি ইউনিয়নের ছোবাহান কবিরাজের মেয়ে লিয়া মনির সঙ্গে একই ইউনিয়নের এওজ এলাকার কালাম সরদারের ছেলে মাসুদ সরদারের সঙ্গে বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতেই তাদের মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকতো। এ নিয়ে এলাকায় কয়েক দফা শালিসও হয়। গত বৃহস্পতিবার দুপুরে স্বামীর সঙ্গে লিয়ামনির ঝগড়া হয়। সন্ধ্যায় শোবার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় লিয়ামনির লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে মর্গে পাঠায়। এ ঘটনার জেরে লিয়ামনির বাবার বাড়ির স্বজনরা এসে মাসুদের বসতঘরসহ আশেপাশের তিনটি ঘরে ভাঙচুর চালায়। এ সময় মাসুদের বাবা কালাম সরদারের মুদি দোকানেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
দুধখালি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ফারুক খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি লিয়ার বাবার বাড়ির লোকজন মাসুদের ঘরে ভাঙচুর চালাচ্ছে। ওদের বারণ করার পরেও আমার কথা শুনেনি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বসতঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
